আরে দাঁড়ান মশাই, এখনই মারতে আসবেন না যেন। আগে তো আমার কথাটি শুনুন,তারপর নাহয় মারলেন। আমি এমনিতেই ছোট মানুষ।বর্তমানে উদ্যোক্তা শব্দটার খুবই প্রচলন। গনহারে সবাই নিজেকে উদ্যোক্তা দাবি করছেন। কিন্তু আসলেই কি আপনি উদ্যোক্তা,নাকি ক্ষুদ্র ব্যাবসায়ি, নাকি ফুটপাতের ফেরিওয়ালার অনলাইন ভার্সন??? জানতে হলে পুরো লেখাটি পড়তে হবে এবং বুঝতে হবে কারসাথে কি পার্থক্য। চলুন জেনে নেওয়া যাক…
বিজনেস যেমন অনেক ধরণের হয়, তেমনি বিজনেস ম্যানেরও অনেক ধরণের ক্যাটাগরি হয়। তার মধ্য থেকে আমি কথা বলবো তিনটি ক্যাটাগরি নিয়ে।
১. ফুটপাতের ফেরিওয়ালা,
২. ক্ষুদ্র ব্যাবসায়ী,
৩. উদ্যোক্তা
চলুন এবার একটি ডিটেইলসে যায়। পড়ে, ভেবে দেখুন আপনার সাথে কোন জনের সাথে মিলছে। এমনো হয়তো হয়ে গেল আপনি নিজেকে উদ্যোক্তা বলছেন কিন্তু আপনার সাথে মিলছে ফেরিওয়ালার। তাই আগে মনোযোগ দিয়ে পড়ুন
- ফুটপাতের ফেরিওয়ালা :- সকল কিছু বাদ দিয়ে চলুন সবার আগে ফুটপাতের ফেরিওয়ালাদের বিজনেস নিয়ে একটু আলোচনা করি, ওদের কাজ এনালাইসিস করি। একজন ফুটপাথের ফেরিওয়ালা বিজনেস করেন রাস্তার ধারে দাঁড়িয়ে। ওনার দোকানটা তেমন গোছানো নেই, নেই বিজনেস নিয়ে লং টাইম প্ল্যান। তার নেই সুন্দর প্রোডাক্ট ডিসপ্লে, নেই ভাল প্যাকেজিং। তিনি জানেন না বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ বেসিক বিষয়, জানেন না কাস্টমার সার্ভিস। তবুও তিনি বিজনেস করে যাচ্ছেন যেমনটা করছেন বর্তমানের প্রায় ৭০% অনলাইন বিজনেস পার্সন যারা নিজেদের উদ্যোক্তা বলে দাবি করছেন।
আপনি একটু খেয়াল করলেই দেখবেন তাদের সাথে এই ফুটপাতের ফেরিওয়ালার প্রচুর মিল। ওনাদের দোকান বা পেইজটা সুন্দর করে সাজানো নেই, সেখানে প্রয়োজনীয় তথ্য নেই। অনেকের লোগো নেই, কভার ফটো নেই। সেসবে দিয়ে রাখেন নিজের ছবি,সাধারণভাবে তোলা পন্যের ছবি । প্রোডাক্টের সুন্দর ফটোগ্রাফি নেই, নেই ক্যাপশনে পন্য সম্পর্কে ভাল বর্ননা৷ কোনমতে একটা ছবি তোলে পোস্ট করে দেন নাম এই,দাম এত, নিতে চাইলে ইনবক্স করুন যেমনটা করে ফেরিওয়ালারা। তার নেই কোন প্রফেশনালিজমওনাদের বিজনেস নিয়ে কোন লংটাইম প্ল্যান নেই, তিনি জানেন না কোথায় তার গন্তব্য,কারা তার কাস্টমার । তিনি পন্য সম্পর্কে ভাল জানেন না, জানেন না কাস্টমার ম্যানেজমেন্ট। তার নেই কোন ভাল প্যাকেজিং যেমনটা থাকে না একটা ফেরিওয়ালার।তাই এক্ষেত্রে তারা নিজেদের উদ্যোক্তা দাবি করলেও আমরা ফুটপাতের ফেরিওয়ালার সাথে মিল থাকার কারণে তাদের উদ্যোক্তা নয় ফেরিওয়ালার অনলাইন ভার্সন বলতেই পারি। বর্তমানে অনলাইন সেক্টরে এই ক্যাটাগরির সংখ্যা প্রায় ৭০%
- ক্ষুদ্র ব্যাবসায়ী :- ফেরিওয়ালার পয়েন্ট পড়ার পর আপনি হয়তো ভাবছেন তাহলে উদ্যোক্তা কারা?? জ্বি সবুর করুন বলছি মশাই। তার আগে একটু চলুন জেনে নি ক্ষুদ্র ব্যাবসায়ী কারা। কেন তিনি হটডগের সসেজের মত উদ্যোক্তা এবং ফুটপাতের ফেরিওয়ালার মাঝে পড়ে আছেন।
যেহেতু দুইটা পয়েন্টের মাঝে এদের অবস্থান তাহলে নিশ্চয় বুঝতে পারছেন উভয় পক্ষের কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে আছে। জ্বি ঠিক ধরেছেন, কারণ আপনি স্মার্ট। ওহ্যাঁ, এই স্মার্ট কিন্তু আবার SMART নয়, যেটি উদ্যোক্তাদের সবার আগে সেট করা থাকে কিন্তু ক্ষুদ্র ব্যাবসায়ীদের থাকে না। এখানেই উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যাবসায়ীর পার্থক্য।একজন ক্ষুদ্র ব্যাবসায়ীর SWOT, SMART Goal সেট করা থাকে না, থাকে না দীর্ঘমেয়াদি লিখিত প্ল্যান৷ তবে ওনার দোকান বা পেইজ থাকে অনেকটাই গোছানো। সেখানে থাকে বিজনেস এবং পন্য সম্পর্কে চমৎকার, গোছানো তথ্য। থাকে পণ্যের সুন্দর ফটোগ্রাফি, ক্যাপশনে পন্য সম্পর্কে ভাল বর্ণনা। থাকে চমৎকার প্যাকেজিং, যেটি দেখলেই মন ভাল হয়ে যায়। তার মধ্যে থাকে প্রফেশনালিজম,তিনি জানেন বিজনেসের অনেক বেসিক জিনিস, কাস্টমার হ্যান্ডেলিং।তবুও তিনি উদ্যোক্তা নন, কারণ তার বিজনেসে নেই কোন ইনোভেশন, নেই লং টাইম প্ল্যান। তিনি এখনো রেড ওশানে আছেন, উদ্যোক্তা হতে হলে আপনাকে যেতে হবে ব্লু ওশানে। আপনার থাকতে হবে এমন প্রোডাক্ট,সার্ভিসে এমন ইনোভেশন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিবে। বর্তমানে এই ক্যাটাগরির সেলার আছেন মোটামুটি ২৫% মত।
- উদ্যোক্তা :- এবার আসি বহুল আলোচিত,কাঙ্খিত উদ্যোক্তা নিয়ে। সবাই তো নিজেকে উদ্যোক্তা দাবি করছে কিন্তু আসল উদ্যোক্তা কে। এই টপিকস নিয়ে আমার এমনিতেই দুইপর্বের কনটেন্ট আছে পড়ে দেখতে পারেন। তাই আজ খুব বেশি কিছু বলবো না, শুধু বেসিকটি ছাড়া।
একেবারে সংক্ষেপেই যদি বলি উদ্যোক্তা দাবি করতে হলে আপনাকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে আপনার বিজনেস প্ল্যান নূন্যতম ১০ পেইজের লিখিত আছে । সেখানে থাকবে SWOT,SMART Goals, কম্পিটিটির এনালাইসিস, ব্রেক ইভেন পয়েন্ট এনালাইসিস, ১ বছর পর বিজনেস কোন জায়গায় যাবে সেটার প্ল্যান সহ আরো অনেক অনেক কিছু। আপনার পন্য,সার্ভিসে এমন কিছু থাকতে হবে যেটি বাজারে আর কারো কাছে নেই। আপনি রেড ওশান নয়, কাজ করবেন ব্লু ওশান স্ট্যাটেজিতে। বর্তমানে সবাই নিজেকে উদ্যোক্তা বলে দাবি করলেও বাস্তবে সত্যিকারের উদ্যোক্তা আছেন মাত্র ৫% এরও কম।
আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে পন্য উৎপাদন করলেই উদ্যোক্তা। বাস্তবে এটা কোন ভিত্তি নেই, আপনি পণ্য উৎপাদন করেও উদ্যোক্তা হতে পারবেন না আবার পন্য উৎপাদন না করেও উদ্যোক্তা হতে পারবেন। যদি আপনার বাকি পয়েন্টগুলো সেট করা থাকে। পন্য উৎপাদন উদ্যোক্তার হাজারটা কাজের একটা,কখনোই মূল কাজ নয়।
আপনি নিজেকে এতদিন উদ্যোক্তা দাবি করেছেন, খুব ভাল। কিন্তু এবার একটু ভেবে দেখুন তো আপনার সাথে কাদের সাথে মিলছে। আপনি উদ্যোক্তা দাবি করছেন কিন্তু বাস্তবে আপনি ফুটপাতের ফেরিওয়ালার অনলাইন ভার্সন নয়তো??

